ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত!
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হয়েছেন । নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একদল আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া যায় এবং অন্তত দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
আন্দোলনকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
অভিযোগ রয়েছে, খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় কৃষক দল নেতা রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত অবস্থায় পান।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন বলেন, ‘কয়েকজন পথচারী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তাঁর নাম রাজু মোল্লা। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
এদিকে মহাসড়কে অগ্নিসংযোগ ও সহিংসতার কারণে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
কৃষক দল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে রাজু মোল্লার মৃত্যুর খবর পেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতের মরদেহ দেখেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।
তবে রাজু মোল্লার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, হামলার প্রকৃত পরিস্থিতি এবং সহিংসতায় জড়িতদের পরিচয় সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।