রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সর্বশেষ বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।বিষয়টি নিয়ে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।
এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনেও আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
তিনটি ঘটনায়ই এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।