চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের একটি সন্ত্রাসবিরোধী মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার নেতাকর্মী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ ঘটনায় যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং দুই পক্ষের তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে উত্তেজনার সৃষ্টি হয়।