মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ভবনের দরজা-জানালায় সাঁটানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ‘লকডাউন সফল হোক’ লেখা আটটি রঙিন কাগজ। এ ঘটনায় এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়েছে এবং কাগজগুলো সাঁটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা দেওয়ার পাশাপাশি দরজা-জানালায় আঠা দিয়ে বিভিন্ন রঙের এ-ফোর কাগজ লাগিয়ে রাখা হয়। উপজেলা ছাত্রলীগের ব্যানারে এসব কাগজে ‘লকডাউন সফল হোক’ লেখা ছিল। ঘটনার পর দুই দিন পেরিয়ে গেলেও শনিবার পর্যন্ত তালা খোলা হয়নি। কাগজগুলোও সাঁটানো অবস্থায় ছিল।
এদিকে শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। পরে রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একাডেমিক ভবনের ফটকের তালা খুলে দেন। একই সঙ্গে দরজা-জানালায় লাগানো কাগজগুলো সরিয়ে ফেলা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী মৃধা বলেন, শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ ছিল। নাইট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ে এসে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা এবং দরজা-জানালায় রঙিন কাগজ সাঁটানো দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পাঠদানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এমন কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।