বহুল আলোচিত রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ক্ষয়ক্ষতি, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় কিশোরগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক আসামিকে আদালতে হাজির করে এ আবেদন করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ৫০০ কোটি টাকার ক্ষতি সাধন হয় বলে মো. কামাল হোসেন রিপন নামে একজন মামলা করেন। ওই মামলায় আসামি আফজাল হোসেনসহ ১৭ জন ও অজ্ঞাতনামা ২০ /৩০ জনকে আসামি করা হয় । তদন্ত কর্মকর্তা আটক রাখার আবেদনে বলেন, প্রাথমিক তদন্তে এ মামলার আসামির ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন বলে মনে করেন তদন্ত কর্মকর্তা।