মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি সড়কের গাইডওয়ালে ইটের গাঁথুনির নিচে আস্ত কলাগাছ ব্যবহার করার অভিযোগ উঠেছে। শক্ত মাটি বা কংক্রিটের বিম নির্মাণ না করে কলাগাছ রেখে তার ওপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনাটি ঘটেছে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাকইর চৌরাস্তা মোড়ে।
শিবচর উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণকাজ শুরু হয় ছয় মাস আগে। শুরু থেকেই নির্মাণকাজে ধীরগতি দেখা যায়। অভিযোগ রয়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি মাটির ওপর কলাগাছ রেখে তার ওপর ইটের গাঁথুনি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন ঠিকাদার।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘আমাদের এলাকার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিযোগের বিষয়ে ঠিকাদার আলমগীর জমাদ্দার জানান, তাকে কেউ বিষয়টি জানায়নি।
তিনি বলেন, ব্যবহৃত মালামাল গুণগত মানসম্পন্ন। কলাগাছ সরিয়ে সঠিক নিয়মে কাজ করে দেওয়া হবে।
শিবচর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী জামাল শিকদার বলেন, নির্বাচনের পর অফিস খোলার পর আর ওই স্থানে যাওয়া হয়নি।
এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, শিবচর উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারি কাজে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।