বঙ্গবাজারে অগ্নিসংযোগের মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার
বহুল আলোচিত রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ক্ষয়ক্ষতি, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় কিশোরগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়ে...
বহুল আলোচিত রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ক্ষয়ক্ষতি, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় কিশোরগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক আসামিকে আদালতে হাজির করে এ আবেদন করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ৫০০ কোটি টাকার ক্ষতি সাধন হয় বলে মো. কামাল হোসেন রিপন নামে একজন মামলা করেন। ওই মামলায় আসামি আফজাল হোসেনসহ ১৭ জন ও অজ্ঞাতনামা ২০ /৩০ জনকে আসামি করা হয় । তদন্ত কর্মকর্তা আটক রাখার আবেদনে বলেন, প্রাথমিক তদন্তে এ মামলার আসামির ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন বলে মনে করেন তদন্ত কর্মকর্তা।
