রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র আহত, প্রতিবাদে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। প্রতিবাদ জানাতে তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বড়খেরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস...
লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। প্রতিবাদ জানাতে তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বড়খেরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত রঘুনাথপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ আড্ডা দিয়ে আসছে। তারা নিয়মিত স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কটুক্তি এবং ছাত্রীদের ইভটিজিং করে আসছিল। গত ২২ এপ্রিল সকালে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বি ও পলক চন্দ্র দাশসহ তাদের সহপাঠীদের নিয়ে কটুক্তি করে কিশোর গ্যাংয়ের সদস্য রায়হান, তাওহীদ ও তাওসীমসহ ৪-৫ জনের একটি দল। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে একই দিন দুপুর দেড়টার দিকে স্কুল ছুটির পর রাব্বিকে এলোপাতাড়ি মারধর করা হয়। এর আগের দিন ২১ এপ্রিল পলক চন্দ্র দাশকেও মারধর করে একই চক্র। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের অভিভাবক মো. নুরুল ইসলাম বাদী হয়ে রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রোববার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। অভিযুক্তদের মধ্যে রায়হান চররমিজ ইউনিয়নের বিবিরহাট এলাকার মো. মেহেরাজের ছেলে। তাওহীদ বড়খেরী ইউনিয়নের কালাপন্ডিতের হাট এলাকার মো. মিলাদের ছেলে এবং তাওসীম একই এলাকার মো. ফেরদাউসের ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। স্কুলের সামনে কোনো কিশোর গ্যাং বা বখাটেদের দেখা গেলে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।” রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:আবু সালমান
