সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর থেঁতলানো মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকালে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় ঢাকাগামী লেনের পাশে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর...
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকালে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় ঢাকাগামী লেনের পাশে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশে একটি লাল রঙের শাড়িও পাওয়া গেছে। বঙ্গবন্ধু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) তাহের জানান, মহাসড়কের পাশে মাথা থেঁতলানো অবস্থায় মরদেহটি পড়ে ছিল। এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কোনো কারণে নিহত হয়েছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি
