চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে গত সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন তিনি। তবে এরপর এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়নি। এর মধ্যে আগামী সপ্তাহের যেকোনো দিন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে আলোচনা রয়েছে। যদিও দলটির নেতারা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পাননি তারা।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জামায়াত এককভাবে অংশ নিতে চায় না। ১১ দলীয় ঐক্যের সব শরিক দলকে সঙ্গে নিয়েই আলোচনায় বসতে আগ্রহী দলটি। জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন স্টার নিউজকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বৈঠকের চেয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সম্মিলিতভাবে আলোচনায় বসাকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত। এ বিষয়ে জোটের শরিক দলগুলোকেও বার্তা দেওয়া হয়েছে।’
গত সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির পৃথক বৈঠক নিয়ে কিছুটা ক্ষুব্ধ জামায়াতে ইসলামী।
তবে দলটির নেতারা বলছেন, সরকার তাদেরকএ আলাদাভাবে আমন্ত্রণ জানালেও ১১ দলীয় ঐক্যকে সঙ্গে নিয়েই বৈঠকে অংশ নেবেন তারা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ স্টার নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি তারা। তবে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হলেও ১১ দলীয় ঐক্যের সব দলকে নিয়েই বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে তাদের।’
তিনি বলেন, তারা লোক দেখানো কোনো ঐক্য চান না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে ঐক্য হতে হবে দীর্ঘমেয়াদি। সরকার যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চায়, তাহলে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
চলতি মাসে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান সহিংসতা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।