রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সামির হোসেন (২৪) নামের আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রে...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সামির হোসেন (২৪) নামের আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল কবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার আকতার হোসেনের ছেলে। আহত সামির হোসেনও একই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দাঁড়িয়ে দুই যুবক সেলফি তুলছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ফয়সাল কবির ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত সামির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
