আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা
আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা জানান, প্রাক্–মৌসুমি বায়ুর প্রভাবে এ সম...
আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা জানান, প্রাক্-মৌসুমি বায়ুর প্রভাবে এ সময় দেশে কালবৈশাখী ধরনের ঝড়বৃষ্টি দেখা দেয়। স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার ফলে হঠাৎ করেই কোনো কোনো এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়, তবে তা দীর্ঘ সময় স্থায়ী হয় না। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে কালবৈশাখীর প্রভাব দেখা যাচ্ছে। আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৪৭ মিলিমিটার। এছাড়া দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়ায় ১৪ মিলিমিটার এবং ফেনীতে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
