‘তারেক রহমান আইলেও কাম হইব না’: চাঁদাবাজির অডিও ভাইরালের পর গাজীপুর ছাত্রদল নেতা বহিষ্কৃত
জীপুর: “এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না, প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না”—চাঁদা দাবি করে এক পোশাক শ্রমিকনেতাকে এমন চরম দম্ভোক্তি ও হুমকি দেওয়ার ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুর মহানগর ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতিকে সংগঠন...
জীপুর: “এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না, প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না”-চাঁদা দাবি করে এক পোশাক শ্রমিকনেতাকে এমন চরম দম্ভোক্তি ও হুমকি দেওয়ার ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুর মহানগর ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং দীর্ঘদিন ধরে শ্রমিকনেতার কাছ থেকে অর্থ আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বহিষ্কারের এই তথ্য নিশ্চিত করেন। ফোনালাপ ভাইরাল ও দম্ভোক্তি ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে। ভাইরাল হওয়া ওই অডিওতে শোনা যায়, গাজীপুর মহানগর ছাত্রদলের ওই ওয়ার্ড সভাপতি রাতুল শিকদার এক ব্যক্তির কাছে জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন এবং টাকা না দিলে মারাত্মক ক্ষয়ক্ষতি করার হুমকি দিচ্ছেন। ফোনালাপের একপর্যায়ে তাকে অত্যন্ত অহংকার ও দম্ভোক্তি করে বলতে শোনা যায়, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না, প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না’। শীর্ষ নেতাদের জড়িয়ে তার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্য মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। থানায় অপহরণ ও চাঁদাবাজির লিখিত অভিযোগ এই ঘটনার পর বাংলাদেশ পোশাকশ্রমিক ট্রেডিং ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মঙ্গলবার সকালে টঙ্গী পশ্চিম থানায় রাতুল শিকদারসহ ছয়জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত রাতুল শিকদার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে গিয়ে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না পেয়ে গত কয়েক মাস আগে তারা মাজহারুল ইসলামকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান এবং পরে ৬৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তাকে ছেড়ে দেন। এরপরও তাদের চাঁদাবাজি ও হুমকি অব্যাহত ছিল। সংগঠন থেকে কঠোর ব্যবস্থা দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে এমন মন্তব্য এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে অভিযুক্ত রাতুল শিকদারকে তাৎক্ষণিকভাবে পদ ও সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান জানান, ছাত্রদলে কোনো চাঁদাবাজ বা অপরাধীর স্থান নেই। পুলিশ ও অভিযুক্তের বক্তব্য এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাতুল শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ঘটনার পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান সংবাদমাধ্যমকে জানান, ছাত্রদল নেতার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
