গাইবান্ধায় সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ : গ্রেফতার ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি আল আমিনকে (২৪) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আল আমিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শ...
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি আল আমিনকে (২৪) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আল আমিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। সোমবার সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিমের সাথে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ভিকটিমের ওপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। একপর্যায়ে ভিকটিমের পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে গত ২০২৫ সালের ১৯ অক্টোবর আল আমিন একতরফাভাবে ভিকটিমকে তালাক প্রদান করে। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর আল আমিন নিজের ভুল স্বীকার করে এবং ভিকটিমকে পুনরায় বিয়ে করার আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে। এরই ধারাবাহিকতায়, বিয়ের কথা বলে আল আমিন ভিকটিমকে তার এক সহযোগীর খালার বাসায় নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে আল আমিন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে গত ৫মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গত ২৩ মে বিকেলে র্যাব-১৩ ও র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জোবায়দুর রহমান জুয়েল গাইবান্ধা প্রতিনিধি
