আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি! নিরাপত্তা চেয়ে থানায় জিডি
গাইবান্ধায় হত্যা চেষ্টা ও নারী নির্যাতনের একটি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী নুর মোহাম্মদকে আদালতে সাক্ষ্যদান থেকে বিরত রাখতে প্রাণনাশের হুমকি, হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নি...
গাইবান্ধায় হত্যা চেষ্টা ও নারী নির্যাতনের একটি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী নুর মোহাম্মদকে আদালতে সাক্ষ্যদান থেকে বিরত রাখতে প্রাণনাশের হুমকি, হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ২৫ জুন গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডিতে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের কালীবাড়ীপাড়া এলাকায় সংঘটিত হত্যা চেষ্টা ও নারী নির্যাতনের মামলায় তিনি ১ নম্বর এজাহারভুক্ত প্রত্যক্ষদর্শী সাক্ষী। অভিযোগ, ওই মামলার কয়েকজন আসামি জামিনে মুক্তির পর থেকেই সাক্ষীদের আদালতে সাক্ষ্য দিতে বাধা দিতে ধারাবাহিকভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। জিডিতে আরও বলা হয়, গত ২৫ জুন দুপুরে শুভ মিয়া, সোহাগী বেগম, শ্যামলী বেগম ও চাঁন মিয়া ভুট্টু তার বাড়ির সামনে এসে গালিগালাজ করেন এবং আদালতে সাক্ষ্য দিলে হাত-পা ভেঙে দেওয়া, মারধর ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ বিষয়ে অভিযুক্তদের দাবি, মামলাটি তাদের পারিবারিক বিষয় এবং অভিযোগকারী ব্যক্তি তাদের পরিবারের কেউ নন। তাদের ভাষ্য, তার কারণেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসির আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
