পঞ্চগড়ে তাবলিগ জামাতের (মাওলানা সাদ অনুসারী) তিন দিনব্যাপী জেলা ইজতেমা চলাকালে যাতায়াতের প্রধান পথ করতোয়া সেতু অবরোধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ জুবায়েরপন্থীদের বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সেতুর ওপর মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে সড়ক বন্ধ করে রাখায় ইজতেমাগামী হাজারো মুসল্লি আটকা পড়েন। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও ইজতেমা আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আম বয়ানের মধ্য দিয়ে পঞ্চগড়ে সাদ অনুসারীদের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়, যা শনিবার শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে, এই ইজতেমা বন্ধের দাবিতে জুবায়েরপন্থী ও হেফাজতে ইসলামের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপ ও আয়োজকদের প্রস্তুতিতে নির্ধারিত সময়েই ইজতেমা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় শহরের সঙ্গে ইজতেমা ময়দানের সংযোগকারী একমাত্র পথ করতোয়া সেতুর ওপর জুবায়েরপন্থী মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় শুরু করেন। নামাজের পরও দীর্ঘক্ষণ সেতুতে অবস্থান নেওয়ায় সড়কটিতে যান ও জনচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে দেশের বিভিন্ন স্থান ও জেলার নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার সাদপন্থী মুসল্লি ময়দানে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন।
এ ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন মাওলানা সাদের অনুসারী আলেম ও ইজতেমা আয়োজক কমিটির লোকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, ‘আগে থেকেই আমাদের ইজতেমা বানচালের চেষ্টা চলছিল। তাতে ব্যর্থ হয়ে এখন যাতায়াতের একমাত্র সেতু বন্ধ করে মুসল্লিদের বাধা দেওয়া হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্র করেই দ্বীনের দাওয়াত ও ইজতেমা বন্ধ করা যাবে না।’
এদিকে, সেতু অবরোধ ও দুই পক্ষের মুখোমুখি অবস্থানের খবরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল ও ইজতেমা ময়দানের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।