মূল কনটেন্টে যান

সারাদেশ

মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ট্রলারে নির্যাতন, লাবণী পয়েন্টে উদ্ধার ২৮

image 352243 1795209050
লাবণী পয়েন্টে উদ্ধার হওয়াদের একাংশ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পৌঁছানোর স্বপ্ন দেখিয়ে সাগরপথে ট্রলারে তুলে নেওয়া হয়েছিল তাদের। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই শুরু হয় নির্যাতন। পরিবারের কাছ থেকে টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হতে থাকে। অবশেষে সেই ট্রলারই ভেসে আসে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে। সেখান থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা। তাদের যৌথ উদ্যোগে ট্রলারে থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই ট্রলারে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠির লোকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া লক্ষ্মীপুরের বাসিন্দা মোখতার হোসেন জানান, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসে এক দালালের সঙ্গে সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন তিনি। চার দিন আগে ট্রলারে তাদের যাত্রা শুরু হয়। কিন্তু ট্রলার ছাড়ার পর থেকেই দালালরা তাদের ওপর নির্যাতন চালাতে শুরু করেন। বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন উখিয়ার রত্নাপালং এলাকার সাইফুল ইসলামের ১৮ বছর বয়সী ছেলে তানজিদ ইকবাল ইমন। তার বাবা জানান, গত বুধবার (১৮ নভেম্বর) থেকে নিখোঁজ ছিলেন ইমন। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। পরে তার মোবাইল ফোনে পাচারকারীরা কল করে। ছেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে তারা টাকা দাবি করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ট্রলারটি তীরে পৌঁছানোর পর পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মানবপাচারের সঙ্গে জড়িত কেউ রয়েছেন কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’